ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন– ফরিদপুরের সালতা থানার বড়–কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)।

আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল।

জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ চার ব্যক্তি। পথিমধ্যে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌছালে স্পিড ব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং আহত হয় একজন। তবে সে সময় ট্রাকের চালক পালিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহরিয়ার আলম সোহাগ/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More