বছরের পর বছর হাজারো মুমূর্ষু রোগিকে বাঁচার আশা নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, শেষ পর্যন্ত তিনিই ফিরলেন নিজের অ্যাম্বুলেন্সে নিথর দেহ হয়ে। মারা গেছেন নরসিংদী মাধবদী বিরামপুর নিবাসী ‘আবীর অ্যাম্বুলেন্স’ এর মালিক হাসিবুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রোগি নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের ভেতরেই স্ট্রোক করেন তিনি।
বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন জানান, রাত-দিন ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন হাসিবুর। কখনো টাকা-পয়সার কথা চিন্তা করেননি। আজ সকাল ১০টায় মাধবদী বাজার বড় মসজিদে জানাজা শেষে ছোট গদাইরচর এলাকায় তাকে দাফন করা হয়। হাসিবুরের মৃত্যুতে শোক জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।