
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী ছাত্রাবাস থেকে মেহেদী হাসান নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী ফুদকিপাড়া এলাকার ‘এবেলা ছাত্রাবাস‘ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেহেদী হাসান রুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এসএ








