দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

খামার থেকে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খামার থেকে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট
১৩টি গরু লুট

গবাদি পশুর খামার থেকে অস্ত্র ঠেকিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ১৩টি গরু লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। গরুগুলো শাহীওয়াল জাতের।

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর খান এগ্রো ফার্মে শুক্রবার (৭ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে জেলার ৫ হাজারের বেশী খামারীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।

খামার মালিক ও শ্রমিকরা জানায়, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ১৫/২০ জনের ডাকাত দল খামারের পেছনের টিন কেটে প্রবেশ করে খামারের ভেতরে থাকা শ্রমিকদের হাত–পা ও মুখ বেঁধে ১৩টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু গরু দড়ি কেটে ছেড়ে দেয়।

খামার মালিক দাউদ খান বলেন, এ সময় দূর্বৃত্তরা খামারের শ্রমিকদের মারধরও করে। খামারে মোট ২১টি গরু ছিলো। লুট হওয়া গরুগুলো উন্নতমানের শাহীওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ৬ মনের বেশী। প্রতিটির বাজার মূল্য রয়েছে দুই লাখের বেশী।

খামারীরা জানায়, পুলিশের টহল জোরদার থাকলে এমন ঘটনা ঠেকানো যেতো। পুলিশ চাইলে উদ্ধার করা সম্ভব। খামারে ডুকে এভাবে লুটের ঘটনায় উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে জেলার ৫ হাজারের বেশী খামারীর মাঝে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ বলেন, মাঠে সক্রিয় আছে পুলিশ। পুলিশ ইতোমধ্যে বিষয়টি জন্য মাঠে কাজ করছে। অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ফেনীতে ১ বছরে ২২টি গরু চুরির মামলা হয়েছে। এতে চুরি হয় ৪৯টি গবাদিপশু।

মামুন/ আল / দীপ্ত সংবাদ