এশিয়ান গেমসের নারী ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ নাগাই স্টেডিয়ামে গ্রুপ এফ’এ নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সাথে গোলশুন্য ড্র করে হতাশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
আগের দুই ম্যাচে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে যথাক্রমে ১০–০ ও ৬–০ গোলে হারের পর আজ মিয়ানমারের বিপক্ষে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মারিয়া মান্ডা, ঋতুপর্নারা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
ম্যাচের প্রথম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মিয়ানমার। ১০ মিনিট পর বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা। ম্যাচের ৩৮ মিনিটে ঋতুপর্ণা মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পান। তার শট পোস্টের সামান্য উপর দিয়ে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে মিয়ানমার গোলের একটি ভাল সুযোগ হাতছাড়া করে। গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফু সু কুই।
এই মিয়ানমারকেই গত বছর তাদের মাটিতে পরাজিত করে প্রথমবারের মত নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছিল বাংলাদেশ।
তিন ম্যাচে মিয়ানমারও এক পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের চতুর্থ দল হিসেবে গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।