মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে সন্দেহের বশে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয় বলে জানিয়েছেন বাদী এস এম মাসুম বিল্লাহ।
মামলায় সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস–মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। মামলার বাদী নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে আসামিদের জামিনে আপত্তি না থাকার কথা জানান।
মামলাটি দায়েরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।