দীপ্ত নিউজ
জাতীয়

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিশ্ব দুঃখ করবে, তা বিশ্বাস করি না: প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিশ্ব দুঃখ করবে, তা বিশ্বাস করি না: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি বিশ্বাস করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব দুঃখ করবে।

রবিবার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে? আমি বিশ্বাস করি না, আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে।

জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল।’

শফিকুল আলম আরও উল্লেখ করেন, ইতিহাসে দেখা গেছে—পশ্চিমা গণতন্ত্রেও মানবতাবিরোধী অপরাধ এবং মৌলিক জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজের অভিযোগে পুরো রাজনৈতিক দলকে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন এবং বেলজিয়ামে, কিছু রাজনৈতিক দলকে অবসানমূলক কার্যকলাপের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

প্রেস সচিব দাবি করেন, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্টে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ, তাদের নেতৃত্ব, দলীয় কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ করেছিল। এই দল বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপক ধ্বংস করেছে। নেতা এবং সমর্থকরা ব্যাংক লুট করেছে এবং বিদেশে বিপুল পরিমাণ তহবিল পাচার করেছে।

প্রেস সচিব আরও লিখেন, ‘গণতান্ত্রিক বিশ্বে এমন নির্লজ্জ, খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিপরায়ণ দলের পক্ষে কথা বলবে—এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশা করছি না।’

 

এসএ