ইতালি‘র মেস্ট্রে শহরে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ–বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বুধবার (০৯ সেপ্টেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বাঁধন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, ‘আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।’
ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।
বাঁধন লিখেন, ‘বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’
সবশেষে তিনি লিখেন, ‘এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালি গেছেন বাঁধন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবার সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ভেনিস শাখার কর্মী ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করা একদল যুবক তাকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার পর তার পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে দেশে–বিদেশে অসংখ্য মানুষ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।
এসএ