বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার গ্রুপ ‘এইচ’–এ বিশেষ নজর রাখছে আলবিসেলেস্তেরা। কারণ, ‘জি’ গ্রুপের সেরা দুইয়ে থাকতে পারলে ‘এইচ’ গ্রুপের কোনো একটি দলই হবে নকআউট অর্থাৎ শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
গ্রুপ পর্বের এখনও এক ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে।
আর এই ‘এইচ’ গ্রুপেই রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন–উরুগুয়ে এবং সৌদি আরব–কেপ ভার্দে।
এই গ্রুপের দ্বিতীয় রাউন্ডে সৌদি আরবকে ৪–০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। অন্যদিকে, উরুগুয়ে এবং কেপ ভার্দে; দুই দলেরই পয়েন্ট ২ করে। তলানিতে থাকা সৌদির পয়েন্ট ১।
চলুন দেখে নেওয়া যাক জটিল সব সমীকরণে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কোন দল–
স্পেন হবে যদি
উরুগুয়ে যদি শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দে ড্র করে, তবে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে পড়বে। এমনকি উরুগুয়ে জিতলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার পথ তৈরি হতে পারে।
কেপ ভার্দে হবে যদি
স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তবে স্পেন হবে গ্রুপসেরা আর কেপ ভার্দে রানার্সআপ।
আবার স্পেন জিতলে এবং কেপ ভার্দে–সৌদি ম্যাচ ড্র হলেও আফ্রিকার দেশটিই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
সৌদি আরব হবে যদি
স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারালে রানার্সআপ হবে সৌদি। আবার স্পেন–উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে পড়ার সুযোগ পাবে সৌদি।
উরুগুয়ে হবে যদি
যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই জয় তুলে নেয়, তবে রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব।
বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য এবং গোল সংখ্যাও সমান (২টি করে)। গোল ও ব্যবধান সমান থাকলে দেখা হবে ‘ফেয়ার প্লে’ বা কার্ডের হিসাব। যেখানে কেপ ভার্দের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে এগিয়ে আছে উরুগুয়ে।