হতাশায় ভুগছিলেন এনসিপি নেত্রী রুমী: জানাল পুলিশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর জিগাতলা এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহ উদ্ধার হওয়া এনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩০) কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার সড়কে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে হোস্টেল কর্তৃপক্ষ বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার জিসানুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের কারণে জান্নাতারা রুমী কিছুদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More