
সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের মোতায়েন রাখা হয়েছে। ঢাকায় নিরাপত্তা জোরদার ও বাহিনীর তৎপরতা প্রসঙ্গেও তিনি এটিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিহিত করেন।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফজরের নামাজের পর একদল লোক পদ্মা সেতুতে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তাদের অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় এবং এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।








