দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দক্ষিণ আফ্রিকায়  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪৫

দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) নিচে খাদে পড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৮ বছর বয়সী এক শিশু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর–পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মামাতলা কালা এলাকার কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিরাপত্তাবেষ্টনীতে আঘাত হানে। এতে বাসটি সেতু থেকে ছিটকে নিচে পড়ে গেলে আগুন ধরে যায়।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, প্রতিবেশী দেশ বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে একটি ইস্টার সার্ভিসে যাচ্ছিল।

দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরে তিনি ‘মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা’ জানান।

পরিবহনমন্ত্রী আরও বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি উপযুক্ত তদন্ত করবে।

উল্লেখ্য, এ হতাহতের ঘটনায় বতসোয়ানার প্রতি সমবেদনা জানিয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

 

এসএ/দীপ্ত সংবাদ