কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ধক্যজনিত কারণে সবশেষ কয়েক সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশাররফ হোসেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়।
বাদে আসর গুলশান আজাদ মসজিদের সামনে প্রথম, বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় ও একইদিন বাদ আসর মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম–১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের অন্যতম জ্যেষ্ঠ নেতা। ২০১৯ সালে স্বাধীনতা পদক বা স্বাধীনতা পুরস্কার লাভ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম–১ আসনের সাবেক সংসদ সদস্য। মিরসরাই আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।
তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।