রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িক বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদাপাথর পর্যটনকেন্দ্র।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সাদাপাথর পর্যটনকেন্দ্র। ফলে পর্যটকদের নিরাপত্তা স্বার্থে সাময়িকভাবে এটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

তিনি জানান, প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে দ্রুত পানি নেমে আসছে। ফলে স্পটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

এদিন সকালে হঠাৎ করেই সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে সকাল থেকেই সাদাপাথর নৌঘাট থেকে পর্যটকবাহী কোনো নৌকা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পর্যটন কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আকস্মিক এই ঢলে মূল স্পটে থাকা ৫০ থেকে ৭০টি ভ্রাম্যমাণ দোকানপাট পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি পানিতে স্রোতের টান বেশি।

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাদাপাথর সিলেট জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে দুর্ঘটনা এড়াতে আপাতত সেখানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More