
শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার বেশ কয়েকটি স্থানে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার শাখা–প্রশাখা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
শুক্রবার (২৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, বাঁকাল ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো– ইটাগাছা, বাঁকাল, খড়ির বিল, বাটকে খালী, রইচপুর, কুকরালী, পারুচক্রালী, দোহাখুলা, মিয়া সাহেবের ডাঙ্গী, ঘুডেঁর ডাঙ্গী, রামচন্দ্রপুর, সুলতানপুর ও এর আশপাশের এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে বা পরে কাজ শেষ হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাইন সচল আছে বিবেচনা করে সতর্ক থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পরিবর্তন হতে পারে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, সদর দফতরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ জানিয়েছে, দক্ষিণ সুরমা গ্রিড উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং ৩৩ কেভি গোটাটিকর লাইনের রাইট অব ওয়ে বরাবর গাছপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ–৩–এর আওতাধীন শ্রীরামপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ইন্ডাস্ট্রি, বিসিক, চান্দাই, শিববাড়ী বাজার ও কদমতলী ফিডারে এ সরবরাহ বন্ধ থাকবে।








