
লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে ছয় বছর বয়সী শিশু বাবুল হোসেন এবং অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহনের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নোয়াখালীর চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত শিশু বাবুল হোসেন চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে। অন্য দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, বাসটির বেপরোয়া গতি ও সড়কের বেহাল অবস্থার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








