যে পদ্ধতিতে হবে এবার অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে, সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসেই নেওয়া হবে। রবিবার (৯ জুলাই) এনসিটিবির এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের ২০ জুন জেএসসি ও জেডিসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন–সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে এনসিটিবিতে পাঠানো হয়। চিঠি মোতাবেক এ বিষয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে চারটি নির্দেশনাও দিয়েছে এনসিটিবি।

নির্দেশনাগুলো হলো:

১. ২০২৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা জেএসসি ও জেডিসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা যে প্রক্রিয়ায় অর্থাৎ বাংলা ও ইংরেজি একপত্রভিত্তিক এবং চারটি বিষয় (চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা/গার্হস্থ্য বিজ্ঞান) ধারাবাহিক মূল্যায়নের আওতায় রেখে অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি নেওয়া হবে;

২. সব শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রাখবে;

৩. ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পরীক্ষার অনুরূপ পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নতুন সিলেবাসে অনুষ্ঠিত হবে।

৪. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের বয়সসীমা ১৪ থেকে ২৫ বছর পর্যন্ত। সে ক্ষেত্রে সেসব শিক্ষার্থীর তথ্য সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডেটাবেজে নিবন্ধন থাকা আবশ্যক।

 

পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More