দীপ্ত নিউজ
শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম স্থান রাফসানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম স্থান রাফসানের
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

দেশের সকল মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
এ পরীক্ষায় প্রথম হয়েছেন রাফসান জামান।

এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় তিনি পেয়েছেন সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর। রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন।

উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।

 

এমি/দীপ্ত