ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার জনসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন গন্ধপা এলাকার ময়মনসিংহ–জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি। তাদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু।
এদিকে স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় জামালপুর থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ৭ জন নিহত হন।
তারা হলেন—জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে যাচ্ছিলেন।
বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসচালক ও হেলপার পলাতক বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।