ভাটারায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর ভাটারা থানার এম ব্লকের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, এম ব্লকের রোড২৮এর কেজেড এম হাইটস ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ সহযোগী সংগঠনের ৫৩ জন নারীপুরুষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের পরিকল্পনা নিয়ে তারা সেখানে সমবেত হয়েছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের অনেকের পরনে সাদা পাঞ্জাবি এবং বুকে কালো ব্যাজ ছিল।

তিনি আরও জানান, ঘটনাস্থলে আরও কিছু শীর্ষ নেতা আসার কথা ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের আসার আগেই পুলিশ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More