ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল করে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা সাতটি ম্যাচে গোল করার অবিস্মরণীয় নজির স্থাপন করেছেন।
বাংলাদেশ সময় রবিবার (২৮ জুন) সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডানের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আগে থেকেই নিশ্চিত থাকায় কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন এবং মেসিকে শুরুতে বেঞ্চে রাখেন।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা তাদের আধিপত্য বজায় রাখে। ১৯তম মিনিটে জিওভানি লো সেলসো দুর্দান্ত এক ফ্রি–কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর, ৩০তম মিনিটে মার্কোস সেনেসি ডি–বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৩১তম মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২–০ করেন লাউতারো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে জর্ডানের মুসা আল–তামারি একটি গোল শোধ করে ব্যবধান ২–১ করেন। গোল হজম করার পর ৬০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে ডি–বক্সের ঠিক বাইরে থেকে নিজের ট্রেডমার্ক ফ্রি–কিকে গোল করে আর্জেন্টিনা ৩–১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই গোলের মাধ্যমে মেসি বিশ্বকাপের মঞ্চে টানা সাতটি ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ডটি যৌথভাবে ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের কিংবদন্তি জেয়ারজিনহোর (১৯৭০) দখলে। এই গোলটি মেসির এবারের বিশ্বকাপের ষষ্ঠ গোল এবং সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন ১৯।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রেখেছে। পরবর্তী রাউন্ডের লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।