তিন হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭ রান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তিন ব্যাটার তানজিদ হাসান, সাদমান ইসলাম ও লিটস দাসের হাফ সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে সফরকারী বাংলাদেশ। তানজিদ ৮৩, সাদমান ৬৭ ও লিটন ৫৩ রান করেন।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ১৩৮ বলে ১২৪ রানের সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ। ৬১ বলে পঞ্চাশ এবং ১০৯ বলে শতরান পূর্ণ করেন তারা।

এই জুটিতে ৪১ বলে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন তানজিদ। আগেরটি হাফ সেঞ্চুরির ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

হাফ সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করেছেন তানজিদ। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আফগানিস্তান পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলকে ক্যাচ দেন তিনি। ৭১ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ।

২৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর মোমিনুল হককে নিয়ে ৬০ রানের জুটি গড়েন সাদমান। এই জুটিতে ৯৪ বলে টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতকের দেখা পান সাদমান।

হাফ সেঞ্চুরির পর আফগানিস্তানের পেসার মোহাম্মদ সালিমের বলে আউট হওয়ার আগে ৭টি চারে ১১১ বলে ৬৭ রান করেন সাদমান।

সাদমান ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে ৩৭ রানের জুটিতে বাংলাদেশের রান ২০০ পার করেন মোমিনুল। উইকেটে সেট হয়ে ৪টি চারে ব্যক্তিগত ৩৯ রানে থামেন তিনি।

২২১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মোমিনুলের আউটের পর দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন হয় টাইগারদের। মুশফিকুর রহিম শূন্য ও শান্ত ২৯ রানে আউট হন।

২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপমুক্ত করতে আফগানিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের ১৩০ বলে ৬২ রানের জুটিতে ৩০০’র কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ২৪ রান করা মিরাজকে বোল্ড করে জুটি ভাঙেন ইসমত।

দলের রান ৩শ পার করে সালিমের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরের পথ ধরেন লিটন। ২১তম হাফ সেঞ্চুরির ইনিংসে ৪টি চারে ৮৯ বলে ৫৩ রান করেন তিনি।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ২ রানে বিদায় নেন হাসান মাহমুদ। এতে ৩০৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নবম উইকেটে ২৪ বলে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন নাইম হাসান ও তাইজুল ইসলাম। নাইম ১১ ও তাইজুল ৪ রানে অপরাজিত আছেন।

বল হাতে আফগানিস্তানের সালিম ৩টি, আহমাদজাই ও ইসমাত ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১৭/৮, ৮৪ ওভার (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মোমিনুল ৩৯, শান্ত ২৯, মিরাজ ২৪, সেলিম ৩/৭০, ইসমাত ২/২০)।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More