প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে বাস থেকে নেমে ডেকে নিয়েছিলেন তারেক রহমান। সেই দৃশ্য দেশবাসীকে মুগ্ধ করেছিল। এবার ওই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ২৭ এপ্রিল (সোমবার) বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানসংবলিত বাসসহ গাড়িবহর যখন যশোর ইনস্টিটিউটের সামনের সড়ক অতিক্রম করছিল, তখন নিলিমা নামে এক মা নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন।
ঠিক সেই মুহূর্তে দৃশ্যটি প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি গাড়ি থামিয়ে নেমে এসে শিশুটিকে দেখেন। এ দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।
পরে সেই নিলিমা ও তার শিশুসন্তানের জন্য উপহার পাঠাতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আজ (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’–এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।