দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাকপ্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাকপ্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, আসামি গ্রেফতার

বরগুনার বেতাগীতে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে দুদিন আটকে রেখে ধর্ষণে মজিবুর রহমানকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর একটি যৌথ দল গতকাল সোমবার (৩ এপ্রিল) দুপুরে গ্রেফতার করে তাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার (৪ এপ্রিল) বেতাগী থানায় সোপর্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ মার্চ সকালে বেতাগীর ঝিলবুনিয়া গ্রামের মকবুল হোসেন হাওলাদার তার বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) মেয়েকে নিয়ে পৌর শহরের বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাজারের ব্রিজের কাছে মেয়েকে দাঁড় করিয়ে রিকশা আনতে গেলে কিশোরীকে প্রলোভনে পাশ্ববর্তী খাড়াকান্দা গ্রামের মজিবুর রহমান তার নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে দুদিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে মজিবুর। পরে ৩১ মার্চ দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার হাওলাদার বাড়ির সামনে থেকে ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা।

ওই কিশোরী অঙ্গ ভঙ্গিতে তার পরিবারকে জানায়, প্রতিবেশী মজিবুর দুদিন তার বাড়িতে আটকে রেখে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ৩১ মার্চ রাতেই বেতাগী থানায় মজিবুরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা। তবে এর আগেই মজিবুর পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব ঢাকা থেকে গ্রেফতার করে তাকে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর ওই কিশোরীকে তার নিজ বাড়িতে আটকে রেখে যৌন উত্তেজক ওষুধ খেয়ে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ প্রধান।

 

এমি/দীপ্ত