ফেনীর দাগনভূঞায় নিখোঁজ হওয়ার পর সাইমুন ইসলাম সাব্বির (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সাব্বির দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর গ্রামের নুরুল ইসলাম মিয়ার নতুন বাড়ির নুরুল আমিন বাহার ও সালমা বেগম দম্পতির ছেলে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের নির্দেশনায় মোবাইল ডিউটি টিম ও স্থানীয় সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় কিশোরটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোর সাব্বির নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। পরে স্থানীয় জনতা ও পুলিশ মোবাইল ডিউটি টিমের তৎপরতায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে কিশোরটিকে তার বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।
সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা নুরুল আমিন বাহার। সন্তানকে কোলে জড়িয়ে ধরে তিনি দাগনভূঞা থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ তাৎক্ষণিক পদক্ষেপে কিশোরটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আল মামুন/এজে/দীপ্ত সংবাদ