শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টি, দেশের ৫ নদীর পানি বিপৎসীমার ওপরে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি মূলত বৃষ্টির ধরনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

টানা বৃষ্টিতে দেশের ৫টি নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি মূলত বৃষ্টির ধরনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কোথায় কত বৃষ্টি হবে, বিশেষ করে দেশের উত্তরপূর্বাঞ্চল, দক্ষিণপূর্বাঞ্চল ও উজানে বৃষ্টির পরিমাণের ওপর আগামী দিনের বন্যা পরিস্থিতি নির্ভর করবে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ৯টি পর্যবেক্ষণ স্টেশনে ৫টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান জেলার সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারি (চট্টগ্রাম) পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং চিরিঙ্গা (কক্সবাজার) পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া সিলেট জেলার কুশিয়ারা নদীর পানি মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মনু নদের পানি মনু রেলব্রিজ (মৌলভীবাজার) পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর খোয়াই নদীর পানি বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে সকাল ৯টা পর্যন্ত আরও ৫টি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থায় প্রবাহিত হচ্ছে। এরমধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশনে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আর সিলেট জেলার কুশিয়ারা নদী শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে; সুরমা নদী কানাইঘাট (সিলেট), ছাতক (সুনামগঞ্জ) ও সুনামগঞ্জ স্টেশনে; সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে এবং ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ (নোয়াখালী) স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তথ্যমতে, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতে নদনদীর পানি বাড়ছে, ৪৩টিতে কমছে এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের উজানে চেরাপুঞ্জিতে (মেঘালয়) ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ২০৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রাম।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More