দীপ্ত নিউজ
জাতীয়

তিন দফা কমানোর পর বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন দফা কমানোর পর বাড়ল স্বর্ণের দাম

টানা ৩ দফা কমার পর ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (৫ মার্চ) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার–নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস–নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, এ নিয়ে চলতি বছর ১২ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৯ বার, আর কমেছে মাত্র ৩ বার।

 

এসএ