বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। নতুন দাম রবিবার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা, এবং কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা দরে বিক্রি হবে।
এর আগে, গত ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১২ টাকা, পেট্রোল প্রতি লিটার ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এসএ