বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

চিকিৎসক নেই সমাধানে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ এমপি রাহাদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালে আইসিইউ চালু ও চিকিৎসক সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাগেরহাট(সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো এক ডিও (আধা সরকারি) পত্রে তিনি বাগেরহাট জেলা হাসপাতালের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

পত্রে উল্লেখ করা হয়, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট২ আসনে প্রায় ২০ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা জেলা ২৫০ শয্যা হাসপাতালটি। ২০২১ সালের ১৯ মে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এবং ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন চিকিৎসক পদ সৃষ্টি করা হলেও অধিকাংশ পদ এখনও শূন্য রয়েছে।

বর্তমানে হাসপাতালটিতে সিনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৮টি, জুনিয়র কনসালটেন্টের ১২টির মধ্যে ৭টি এবং ৯ম গ্রেডের ৫৭টি পদের মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে কার্ডিওলজি ও চক্ষু বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১০ শয্যার আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবিও জানান তিনি।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ২৫০ শয্যা জেলা হাসপাতালে জরুরি ভিত্তিতে শূন্য পদগুলোতে চিকিৎসক নিয়োগ এবং আইসিইউ ইউনিট চালু করা এখন সময়ের দাবি। এ বিষয়ে গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছি।

তিনি আরও বলেন, অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন ইতি মধ্যে আমাকে আগামী সপ্তাহে আইসিইউ চালু এবং একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ ও একজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সদর হাসপাতালে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। আশা করছি ধাপে ধাপে হাসপাতালে সকল শূণ্যপদে চিকিৎসকগন যোগদান করবেন।

এর মধ্য দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালের সকল সমস্যা সমাধান হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More