চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ৯ জন মারা গেছেন।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ১৫–২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রথমে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ড ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, হতাহতদের অনেকে শ্রমিক নন, উৎসুক জনতা।
তিনি বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ হয়। স্থানীয় অনেকে বিষয়টি দেখতে গেলে গ্যাসে আক্রান্ত হন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান বলেন, ১০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি। গ্যাস নির্গমন নাকি বিস্ফোরণ, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।
এসএ