কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৭ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
জানা গেছে, বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস নন–ক্যাডার হিসেবে ঢাকা কাস্টমস কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। সেখানে থেকেই ১১ এপ্রিল প্রশিক্ষণে চট্টগ্রামে যান। গত শুক্রবার প্রশিক্ষণ শেষে রাত ১১টার দিকে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে ঢাকার একটি বাসে ওঠেন। সর্বশেষ রাত ১টা ২৫ মিনিটের দিকে পরিবারের সঙ্গে তার কথা হয়।
তখন জানিয়েছিলেন, তিনি কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমে রাজগঞ্জ পানপট্টির বাসায় ফিরবেন। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে তার লাশ পাওয়া যায়। তার মুখমণ্ডলে রক্তাক্ত চিহ্ন দেখা যায়।
গতকাল সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায়। এর আগে প্রিয় কর্মস্থলে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বুলেট বৈরাগীর বাবা, মা ও স্ত্রী ছাড়াও এক বছর বয়সি এক ছেলেসন্তান রয়েছে। বুলেট বৈরাগীর মা নিলীমা বৈরাগী জানান, তার ছেলের মৃত্যু কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। তিনি খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানের পাশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বুলেট বৈরাগীর মরদেহ সমাহিত করা হয়।