সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আটক করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শেরে বাংলা নগর থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। নিহত মরিয়ম খাতুনের বাবা বাদী হয়ে মামলাটি করছেন। এরই মধ্যে পুলিশ হেফাজতে থাকা গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে আটক করা হয়েছে।
গাজী নজরুল ইসলাম জাতীয় সংসদের একজন সদস্য হওয়ায় তাঁকে গ্রেপ্তারের কিছু প্রক্রিয়া রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যে প্রক্রিয়া শেষ হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মোছা. মরিয়ম খাতুনের গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়।
শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থল গিয়ে পুলিশ জানতে পারে, কক্ষটি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএ