বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ২৮ জুন সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে জর্ডান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
এই ম্যাচে আর্জেন্টিনার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে অপ্টা সুপারকম্পিউটার। সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ। বিপরীতে, জর্ডানের এই ম্যাচে জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।
নিয়মরক্ষার ম্যাচ হলেও আর্জেন্টিনার সামনে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে কোনো গোল হজম না করে জয় পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া মেসিকে যদি ম্যাচের দ্বিতীয় ভাগে মাঠে নামানো হয়, তবে তার সামনে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ থাকবে। যদিও জর্ডানের কোচ জামাল সেল্লামি জানিয়েছেন, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য বড় সুযোগ এবং তারা ভালো পারফর্ম করে নিজেদের ফুটবলে বড় ছাপ রাখতে চান।