
আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি নথিপত্র, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত ফাইলে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান কর্তৃপক্ষ।
আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বরাতে এ তথ্য জানিয়েছে এল পাইস।
প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। নথিতেও এভাবে উল্লেখের নির্দেশনাও দেয়া হয়েছে।
এতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।
আফগানিস্তানে প্রচলিত দারি ও পশতু ভাষায় ‘বিবি’ শব্দের অর্থ ‘দাদি’ বা ‘বয়স্ক নারী’।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপকে নারীদের পরিচয় মুছে দেয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘একটি নামের মধ্যে একজন মানুষের ‘পরিচয়, কণ্ঠস্বর ও গল্প’ জড়িয়ে থাকে। কোনো মানুষকে অমানবিক করে তোলার প্রথম পদক্ষেপই হলো তার নাম কেড়ে নেয়া।’
তিনি আরও বলেন, ‘কোনো শাসকগোষ্ঠী যখন একজন নারীর নামের পরিবর্তে কোনো প্রাণীর নাম ব্যবহার করে, তখন তারা তার মানবিক সত্তা কেড়ে নেয়। তাকে নিছক একটি জৈবিক প্রাণী কিংবা কোনো পুরুষের সম্পত্তিতে পরিণত করে। এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া।’
বলখ প্রদেশে নারীদের নামে এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন অধিকারকর্মীরা।
কাবুলে কাজ করছেন এমন একজন নারী অধিকারকর্মী জুবাইদা আকবর বলেন, ‘নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবানরা ভীষণ সৃজনশীল।’
তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে। সেই প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ না করার প্রথার শিকড় গোত্রীয় ঐতিহ্যের মধ্যে। এসব ঐতিহ্যে কোনো নারীর নাম প্রকাশ্যে উচ্চারণ করাকে পুরুষের সম্মানের প্রতি আঘাত হিসেবে দেখা হয়।
সরকারি নথিপত্রের বাইরেও বিয়ের আমন্ত্রণপত্র ও সমাধিফলকে এই প্রথার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে নারীদের প্রায়ই নিজের নামে পরিচয় না দিয়ে কোনো পুরুষ আত্মীয়ের স্ত্রী বা মেয়ে হিসেবে উল্লেখ করা হয়।
কর্মী ও অধিকারকর্মীরা বলছেন, এটা মূলত সাংস্কৃতিক প্রথা, ইসলামের কোনো বিধান নয়। পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’। ভার্জিন মেরির নামানুসারে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এতে ৩০ বারেরও বেশি তার নাম উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার আগে যুক্তরাষ্ট্র–সমর্থিত সরকারের আমলেও নারীদের নাম প্রকাশ্যে উচ্চারণের ক্ষেত্রে সামাজিক বাধা ছিল। তবে এ বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। পাসপোর্টে নারীদের নাম থাকত। পাশাপাশি নারীরা প্রকাশ্যে কাজ করতে পারতেন।








