ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল‘কে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, অস্ত্র বিক্রেতা হেলাল‘কে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন–অর–রশীদ। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শুনানিকালে আসামির কোনো বক্তব্য আছে কিনা আদালত জানতে চাইলে হেলাল জানান, তার কোনো বক্তব্য নেই। এরপর শুনানি শেষে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে আসামি মো. মাজেদুল হক হেলাল‘কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি হেলাল চট্টগ্রাম জেলার ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং‘ দোকানের মালিক।
এসএ