দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাংবাদিক অভিশ্রুতি না বৃষ্টি, সমাধান কীভাবে?

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সাংবাদিক অভিশ্রুতি না বৃষ্টি, সমাধান কীভাবে?

রাজধানী বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী অথবা বৃষ্টি খাতুনের পরিচয় মিলবে ডিএনএ টেস্টে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি ওই অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য।

অগ্নিকাণ্ডে নিহত এক নারী সাংবাদিকের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তার মরদেহ হস্তান্তর করা হয়নি। ওই সাংবাদিককে অভিশ্রুতি শাস্ত্রী নামে চিনতেন সহকর্মীরা। তার ফেসবুক পেজেও এই নাম উল্লেখ আছে। তবে এই নারী সাংবাদিকের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার (১ মার্চ) গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন সাবরুল আলম সবুজ নামে এক ব্যক্তি।

তিনি দাবি করেন, নিহত নারী সাংবাদিক তার মেয়ে এবং নাম অভিশ্রুতি শাস্ত্রী নয়, প্রকৃত নাম বৃষ্টি খাতুন।


পুলিশ জানিয়েছে
, শনিবার (২ মার্চ) মরদেহ থেকে এবং সাবরুল আলম সবুজের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। বাবা পরিচয় দেয়া সবুজের নমুনার সঙ্গে ম্যাচ করলে মরদেহ তার কাছে হস্তান্তর করা হবে।

কর্মস্থলে দেওয়া বায়োডাটা অনুযায়ী তিনি সনাতন ধর্মাবলম্বী। বায়োডাটা অনুযায়ী পিতার নাম অভিরূপ শাস্ত্রী এবং মায়ের নাম লিখেছেন অপর্ণা শাস্ত্রী। তিনি ইডেন মহিলা কলেজে দর্শন বিভাগে অধ্যয়নরত ছিলেন। ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

‘অভিশ্রুতির’ বাবা পরিচয় দেয়া সাবরুল আলম সবুজ এনআইডি দেখিয়ে বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রীর’ আসল নাম বৃষ্টি খাতুন। তার মায়ের নাম বিউটি বেগম। আর অভিশ্রুতি ইসলাম ধর্মের অনুসারী। ‘অভিশ্রুতি’ তার মেয়ে। তিন মেয়ের মধ্যে বড় সে।


বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন
, এখানে যে ১১ জন ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।