
শুরু হয়েছে ঈদের ক্ষণ গণনা

শুরু হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ক্ষণ গণনা। আসছে এই ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তরের জেলা পঞ্চগড়ে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত শহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানগুলোতে সমানতালে চলছে বিক্রি। একই কারণে ব্যস্ত সময় পার করছেন শহরের কাপড় সেলাইয়ের কারিগরেরা।
ঈদের আনন্দকে বর্ণিল করতে তারা তাদের সাধ্যমতো কেনাকাটা করছেন। তবে এবার কাপড়ের দাম অনেক বেশি বলেও অভিযোগ করছেন ক্রেতারা। কিন্তু বিক্রতারা বলছেন, এবারের ঈদে বেচাকেনা অনেক ভালো হচ্ছে। আড়তে বেশি দামে কেনার কারণে দাম কিছুটা বেড়েছে।
রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই ব্যস্ত সময় পার করছেন দর্জিপাড়ার কারিগররা। ঈদের আগে সব কাপড়ের ডেলিভারি দেয়ার কারণে রাত জেগে কাজ করছেন।
ভোক্তাদের কথা চিন্তা করে আসন্ন ঈদ পর্যন্ত মাঠে রয়েছে ভোক্তা অধিকারের লোকজন। বাজারে আসা বিভিন্ন পণ্যের দাম কেউ যেন বাড়তি নিতে না পারে সেজন্য বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু বাজার মনিটরিংই নয়, ক্রেতাদের ঠকানো ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হলে সাধারণ ক্রেতারা নিরাপদে তাদের পছন্দের পণ্য কিনতে পারবে।
আফ/দীপ্ত সংবাদ





