শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে নিয়ে ফিলিং স্টেশনে হাজির হয়েছেন কয়েকজন কৃষক। এমন একটি ভিডিও বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে করে একটি ফিলিং স্টেশনে নিয়ে আসছেন। সেখানে মেশিনে সরাসরি তেল ভরার প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের।
জানা গেছে, গত শনিবার ১৮ এপ্রিল সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজারে মেসার্স চোকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য তারা সেখানে যান। তাদের ধারণা ছিল, বোতল বা ড্রামে তেল না দেওয়ায় মেশিনসহ গেলে সহজে তেল পাওয়া যাবে। পরে তারা তেল নিয়ে চলে যায়।
চোকদার ফিলিং স্টেশন সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষি কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সরবরাহ করা হয়।
স্টেশনটির পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, ১৮ তারিখ শনিবার কৃষকরা শ্যালো মেশিন কাঁধে করে আমাদের পাম্পে আসে। পরে তেলও নিয়ে যায়। কিন্তু অনেকেই ভুল ধারণা থেকেই এমন করেন। একসময় অকটেন ও পেট্রোল বোতলে বিক্রি নিষিদ্ধ ছিল। সে কারণে ওই সময় আমরা বোতলে তেল দিতে পারিনি। পরে জেলা প্রশাসন ইউএনও ও কৃষি কর্মকর্তারা কৃষকদের সুবিধার কথা বিবেচনায় আবার সীমিতভাবে বোতলে তেল দেওয়া শুরু করি।
তিনি আরও বলেন, অনেকেই আগের নিয়মের কারণে এখনও মনে করেন বোতলে তেল দেওয়া হয় না। তাই কেউ জেনারেটরের জন্য, কেউ আবার শ্যালো মেশিন কাঁধে করে নিয়ে আসেন। তবে কৃষি কাজে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত নিয়ম মেনেই তেল সরবরাহ করা হয়।
সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ