রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই শোক, মারা গেলেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে ফুটবল বিশ্ব। অথচ আর্জেন্টিনা ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

স্ট্রোকের পর প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আর্জেন্টিনা ক্লাব কোলন দে সান জাস্তোর তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান লাউতারো। অবাক করার বিষয়, এর মাত্র এক দিন আগেই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। এরপর দ্রুত তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়

লাউতারোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে তার ক্লাব কোলন দে সান জাস্তো।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের ক্লাবের প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

শুধু শোকবার্তাতেই সীমাবদ্ধ থাকেনি ক্লাব কর্তৃপক্ষ। লাউতারো ফাজিওলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সপ্তাহজুড়ে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও। ক্লাবের ভাষায়, ‘তার স্মরণে ও সম্মানে ক্লাবের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।’

১ বছর বয়সী এক কন্যাসন্তানের জনক ফাজিওলির অসুস্থতা ছিল যেন বজ্রপাতের মতোই আকস্মিক। সেন্ট্রাল সান কার্লোসের বিপক্ষে যে ম্যাচটি তিনি খেলেছিলেন, সেখানে তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণই দেখা যায়নি।

ক্লাবের পরিচালনা পর্ষদ সদস্য হোসে লুইস রেপেতো বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘সোমবার সকালে প্রথম কিছুটা অসুস্থ বোধ করে সে। অথচ রবিবারের ম্যাচে ওর মধ্যে অসুস্থতার বিন্দুমাত্র কোনো লক্ষণ ছিল না। উল্টো পরের রাউন্ডে কোয়ালিফাই করার পর পুরো স্কোয়াড আর কোচিং স্টাফদের সাথে ওও ভীষণ আনন্দ করেছিল, মেতেছিল জয়ের উদযাপনে।’

তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সান্তা ফে ফুটবল লিগও।

এক বিবৃতিতে তারা জানায়, ‘আমাদের ফুটবল অঙ্গনের খেলোয়াড় লাউতারোর জন্য গভীর শোক, যে আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার বন্ধুবান্ধব এবং কোলন দে সান জাস্তো ক্লাব পরিবারের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।’

মাত্র ২২ বছর বয়সে থেমে গেল লাউতারো ফাজিওলির জীবনযাত্রা। যে ফুটবলার কয়েক দিন আগেও সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন, তাকেই এখন স্মরণ করছে আর্জেন্টিনা ফুটবল অঙ্গন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More