বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম‘কে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে।
যেখানে দাবি করা হয়, কলকাতায় তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত লোকজন অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছে।
মঙ্গলবার (১৬ জুন) এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছিলেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
পরে কয়েকটি সংবাদমাধ্যমেও খবরটি প্রকাশিত হয়। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু‘র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।
অবশেষে প্রসঙ্গটি নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।’
মোশাররফ করিম বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’
কলকাতা যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকা ফিরব।
উল্লেখ্য, খবর ছড়ায় সোমবার (১৫ জুন) রাত ১০টায় কলকাতার নিউমার্কেট এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।
এসএ