আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত টাকা আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২ মে) রাজধানীর পরীবাগ এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সভা পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।
তারা জানিয়েছে, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
সভায় ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, সেগুলো হলো—
১. দেশের সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব–কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনা নিরসনসহ সংশ্লিষ্ট সব সমস্যা চিহ্নিত করবে এবং কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেবে।
২. গণপরিবহন ও পণ্য পরিবহনের গাড়িতে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে সভায় জানানো হয়। এ ছাড়া টায়ার–টিউবসহ অন্যান্য যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সভায় বর্ধিত আয়কর কমানো এবং যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের দাবি জানানো হয়। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে সমিতি সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. সমিতিকে আরও গতিশীল করতে দেশের সব বৈধ সংগঠনকে এর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিভাগীয় সভার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্ত হয়েছে।
এসএ