পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্র বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে কোয়েটা রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চমন ফটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে এবং লোকজন ধ্বংসস্তূপের ওপর দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপি‘কে জানান, সেনা সদস্য ও তাদের পরিবার সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর–পশ্চিমের পেশোয়ার দিকে যাচ্ছিল।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে।
ঘটনার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডাক্তার ও চিকিৎসা কর্মীদের তলব করা হয়েছে।
পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবর ইউসুফজাই বলেন, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
উল্লেখ্র, বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং আয়তনে বৃহত্তম।
এসএ