জনগণের কাছে বর্তমান (বিএনপি) সরকার দায়বদ্ধ। দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৭ মে) দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “নানা ধরনের ত্রুটি–বিচ্যুতি হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো—দল সেটিকে প্রশ্রয় দিচ্ছে কি না। বিএনপি কখনোই অনিয়ম বা অপরাধকে প্রশ্রয় দেয় না।”
তিনি বলেন, বিএনপি‘র দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ হবেই। শুরুটা সুন্দর হয়েছে, শেষটাও সুন্দর হবে আশা করি।
বিএনপি এই সিনিয়র নেতা বলেন, গণতন্ত্রের জন্য যে লড়াই, সে লড়াইয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। তবে কুৎসা রটানো গণতান্ত্রিক মত প্রকাশের মধ্যে পড়ে না। ইচ্ছে করে কালিমা লিপ্ত করলেই তা কালিমালিপ্ত হয় না।
তিনি আরও বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ পুশইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এ ধরনের আচরণ কখনোই সৎ ও প্রতিবেশীসুলভ হতে পারে না।”
এসএ