বিইউপির পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবনের উদ্বোধন করা হয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। নবনির্মিত ভবন তিনটি হলো— ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

ভবনগুলোর উদ্বোধন শেষে প্রধান অতিথি ক্যাম্পাসে একটি বৃক্ষচারা রোপণ করেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বটি বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। তিনি শিক্ষা, গবেষণা এবং উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর জোর দেন। এ ছাড়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তাঁর বক্তব্যে উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা “Educating Minds; Awakening Conscience” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই নিহিত। আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একটি দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি তিনি বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিনটি নতুন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, বিইউপির সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More