দীপ্ত নিউজ
ধর্ম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার

বিশ্ব মুসলিমদের তীর্থভূমি পবিত্র মক্কায় ২০২৫ সালের হজ মৌসুম শুরু হয়েছে। প্রতিবছর আরবি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ৮ তারিখ হজ শুরু হয় এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। সে অনুযায়ী সৌদি আরবে আগামীকাল বুধবার (৪ জুন) হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। পরদিন ৫ জুন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস।

জিলহজ মাসের চাঁদ দেখার পর ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে সৌদি আরব সর্বোচ্চ আদালত।

হজ আনুষ্ঠানিকতার সূচনা হিসেবে হজযাত্রী আগামীকাল (৪ জুন) ইহরাম বেঁধে মিনায় যাবেন। সেখানে পুরো সময় আমল ইবাদতে কাটাবেন। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহর নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন সুন্নত। মিনায় অবস্থানে পুরোটা সময় হাজিরা তালবিয়া, জিকির ও কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। এখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়ও জিকির–আজকার থেকে বিরত থাকা উচিত নয়।

মক্কা থেকে আরাফার ময়দানের দিকে যাওয়ার মহাসড়কের পাশে মিনার অবস্থান। পবিত্র কাবা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তরের আয়তন প্রায় ২০ বর্গকিলোমিটার।

হজ উপলক্ষে নিরাপত্তা, চিকিৎসা, যাতায়াত ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, বিশ্বের ৭১টি দেশ থেকে এখন পর্যন্ত ৩৩১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন।

হজযাত্রীদের পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস, যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই ট্রেনটি হজের ৭দিনে ৪৯০০ বার চলাচল করবে, যার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রীকে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত সেবা দেওয়া হবে।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ৭৪০০ কিলোমিটার সড়ক স্ক্যানিং, প্রয়োজনীয় সংস্কার এবং যানবাহন পরিদর্শন করা হচ্ছে। হজযাত্রীদের পরিবহনের জন্য অন্তত ২৫ হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোও প্রযুক্তিগত তদারকির আওতায় থাকবে।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানান, হারামাইন হাইস্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বাড়ানো হয়েছে।

এদিকে, হজ চলাকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করতে মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক কভারেজ ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১০ হাজার ৫০০ ওয়াইফাই পয়েন্ট।

 

এসএ