দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১

 

নোয়াখালীর চাটখিলে ছুরি ঠেকিয়ে ব্যাংকের টাকা লুট করে নেওয়ার সময় আব্দুল মজিদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামনারায়নপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

আটক মজিদ শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রামনারায়নপুর কৃষি ব্যাংকের ম্যানেজার অলোক কুমার বিশ্বাস বলেন, মজিদ দুপুর দেড়টার দিকে মাস্ক পরে টুপি মাথায় দিয়ে ব্যাংকে ঢুকে। ৩০–৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে কাশিয়্যারকে ছুরি দেখিয়ে ক্যাশের টাকা লুট করে নেবার চেষ্টা করেন।

ব্যাংক ম্যানেজার আরও জানান, মজিদ ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, আটককৃত মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ