ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শৈলকুপার হাট ফাজিলপুর এলাকার ছাবিনগর স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও ছাবিনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন স্কুল শিক্ষক হাফিজুর রহমান। পথিমধ্যে ছাবিনগর স্টান্ডে পৌঁছলে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাফিজুর রহমান গুরুতর আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালে পৌছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুল শিক্ষক মারা যান। মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা হাসপাতালে পৌছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাসপাতাল থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শাহরিয়ার সোহাগ