অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতর চুয়াডাঙ্গা।
বুধবার (৫ এপ্রিল ) দুপুর বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তেল, মুড়ি ফ্যাক্টরি, কোমল পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ার হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা স্বত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দিয়ে আসছিলেন। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলুকদিয়া বাজারের মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতে তদারকি করা হয় এবং একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আল/দীপ্ত সংবাদ





এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।