সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কোরআন মিউজিয়ামে’ ৪০০ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা ইসলামি সভ্যতার শৈল্পিক উৎকর্ষ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অনন্য ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রদর্শিত পাণ্ডুলিপিটি হিজরি ১১শ শতাব্দীর, যা সূক্ষ্ম সোনালি অলঙ্করণ, উজ্জ্বল রঙের নকশা এবং নিপুণ ক্যালিগ্রাফির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
পাণ্ডুলিপিটিতে সে সময়কার ইসলামি শিল্পকলা, কারুশিল্প এবং নান্দনিকতার উচ্চমান ফুটে উঠেছে। এর প্রতিটি পাতা সূক্ষ্ম পুষ্পশোভিত নকশা এবং কারুকার্যময় অলঙ্করণে সাজানো হয়েছে। বিশেষ করে, পাণ্ডুলিপিটির শুরুতে সূরা আল–ফাতিহা সংবলিত অংশটিতে জ্যামিতিক নিখুঁততা এবং বিস্তারিত সোনালি কারুকাজের এক চমৎকার সমন্বয় রয়েছে।