দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

আবারও চাঁদে মার্কিন মহাকাশযান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আবারও চাঁদে মার্কিন মহাকাশযান
চন্দ্রপৃষ্ঠে মার্কিন বাণিজ্যিক মহাকাশযান ‘অডিসিয়াস’। ছবি: সংগৃহীত

 

অ্যাপোলো মিশনের অর্ধশতাব্দী পর আবারও চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে মহাকাশযান ‘অডিসিয়াস’।

এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠালো যুক্তরাষ্ট্র। ইএম–১’ নামে এই মিশন পরিচালনা করা হয়। এটি তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে হাউস্টনভিত্তিক মহাকাশ গবেষণা কোম্পানি ইনটুইটিভ মেশিন। 

ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

আরও পড়ুন: এবার চন্দ্র অভিযানে সফল জাপান

ইনটুইটিভ মেশিনের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ আন্টেমুস বলেন, এ চন্দ্রযানকে অভিযানের জন্য প্রস্তুত করতে তারা অনেক নির্ঘুম রাত পার করেছেন। চন্দ্রযানের যে অংশটি চাঁদের পৃষ্ঠে যাবে, সেই ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে মহাকবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্যের নায়কের নামানুসারে ‘অডিসিয়াস’।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন–৯ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে রওনা হয় অডিসিয়াস।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো–১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। এরপর ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

 

এসএ/দীপ্ত সংবাদ